শেষ মুহূর্তে স্থগিত জাপানের চন্দ্রাভিযান
জাপানের মহাকাশ সংস্থা তৃতীয়বারের মতো ‘মুন স্নাইপার’ চন্দ্রাভিযান স্থগিত করেছে। সোমবার রকেট উৎক্ষেপণের পরিকল্পিত সময়ের আধা ঘণ্টা আগে এই ঘোষণা আসে। খবর রয়টার্স।
প্রবল বাতাসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)। তবে পরবর্তী উৎক্ষেপণ প্রচেষ্টার কোনো তারিখ জানায়নি সংস্থাটি।
রাশিয়া ও ভারতের পর চাঁদে এবার মিশন শুরুর লক্ষ্য নিয়েছিলো জাপান। সেইমতো প্রস্তুতিও নিয়েছিল দেশটি। তবে শেষ মুহূর্তে রকেট উৎক্ষেপণ স্থগিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার এইচ-২এ রকেটের উৎক্ষেপণ করার কথা থাকলেও তা স্থগিত করে জাপানের মহাকাশ সংস্থা। উৎক্ষেপণের মাত্র আধাঘণ্টারও কম সময় আগে সেটি বাতিলের কথা জানানো হয়।
রকেটটি পরিচালনার দায়িত্বে থাকা মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ (এমএইচআই) এ তথ্য নিশ্চিত করে। জাপানি এই রকেটটি জাক্সার স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (এসএলআইএম) বহন করছে, যেটি হবে চাঁদে অবতরণকারী প্রথম জাপানি মহাকাশযান। এর আগে টোকিওভিত্তিক স্টার্টআপ আইস্পেসের চন্দ্র ল্যান্ডার হাকুতো-আর মিশন-১ গত এপ্রিলে ব্যর্থ হয়েছিল।
ডিবিটেক/বিএমটি







